কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা-শুচিনস্ক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্মের বরাতে জানা যায়, দুর্ঘটনায় প্রায় ৯৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চালাচ্ছে।
দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে তুষার ঝড়কে দায়ী করা হয়েছে। ঝড়ের কারণে দৃশ্যমানতা কমে গেলে গাড়িগুলো একটার পর একটা ধাক্কা খেতে থাকে। কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পার কাজআভতোজল জানিয়েছে, গতি সীমা না মানা এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখার কারণেও দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে।
ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরিয়ে নিতে কাজ করছে জরুরি সেবা বিভাগ। এ কাজে ২২টি উদ্ধারকারী যান এবং দুটি ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।
জরুরি বিভাগের পক্ষ থেকে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে মহাসড়কে চলাচল এড়ানোর সুপারিশ করা হয়েছে।