চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক
চট্টগ্রাম কর্ণফুলী বন্দরে ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক। ছবি : সংগৃহীত

ভারতীয় কারাগারে বন্দি থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিক আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ফিরে এসেছেন। সকাল ৯টায় কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে তারা পৌঁছান।

ফেরত আসা ব্যক্তিরা দুইটি ফিশিং ট্রলার—‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’-এ ছিলেন। গত ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়ের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে ৯৫ জন ভারতীয় জেলে বাংলাদেশ থেকে ভারতে ফিরে যান।

গত ৯ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হন তারা। তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে কারাগারে পাঠানো হয়।

এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ ট্রলার দুটি যথাক্রমে ২৭ নভেম্বর ও ২৪ নভেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা আর ফিরে আসে না। পরে খবর নিয়ে জানা যায় তাদেরকে আটক করেছে ভারতের কোস্টগার্ড।

এর আগে ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া এফভি কৌশিকের ১২ জেলেকেও একই অভিযোগে আটক করে ভারতীয় কোস্টগার্ড।

মুক্তিপ্রাপ্ত এসব জেলে ও নাবিকের প্রত্যাবর্তনে পরিবার ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে।

আমাদের ফলো করুন