যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছেন। এতে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। বুধবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেন।
মানচিত্র প্রকাশের পাশাপাশি ট্রাম্প কানাডার প্রতি তার কঠোর অবস্থানও স্পষ্ট করেন। তিনি বলেন, আমাদের প্রত্যেকটি জিনিস তাদের চেয়ে বেশি রয়েছে। আমাদের তাদের থেকে কিছুই প্রয়োজন নেই। তাহলে কেন প্রতি বছর ২০০ বিলিয়ন ডলার খরচ করে কানাডাকে সুরক্ষা দিতে হব?
ট্রাম্প আরও দাবি করেন, কানাডিয়ানরাও চায় যুক্তরাষ্ট্রের অংশ হতে, যেন তারা আমাদের ৫১তম রাজ্য হিসেবে যুক্ত হতে পারে।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর কানাডার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি বহন করতে রাজি নয়। তার মতে, কানাডার সঙ্গে থাকা সম্পর্ক অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
উল্লেখ্য, এর আগে সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেন। কানাডার রাজনৈতিক অস্থিরতার মাঝেই ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







