সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয়দের গুলিতে মো. সাইদুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে তাকে গুলি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নাকি ভারতীয় গারোরা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মো. সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা। তার পিতা জয়নাল আবেদীন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় মো. সাইদুল ইসলামকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল নিহত হয়েছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুর ইসলাম জানান, নিহতের বুকে এবং পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে গুলির প্রকৃতি এবং ঘটনার বিস্তারিত।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমাদের ফলো করুন