চাকপাড়া সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, দুই বাংলাদেশি গুলিবিদ্ধ

ঠাকুরগাঁওয়ে দুই যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
ঠাকুরগাঁওয়ে দুই যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ। ছবি: ‍নিউজনেস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার মধ্যে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৩০) ও মিজানুর রহমান (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ১৮২ নম্বর মেইন পিলারের কাছে আম বাগানের পরিচর্যার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আট থেকে নয় রাউন্ড গুলি ছোড়ে। এতে শহিদুল পেটে এবং মিজানুর হাতে গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে শহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর মিজানুর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, ভোর রাতে আট থেকে নয় রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আহতদের পরিবারের দাবি, সীমান্তে বাংলাদেশের অংশে আম বাগানে কাজ করার সময় বিএসএফ অতর্কিতভাবে গুলি চালায়। তাদের অভিযোগ, সীমান্তে বিচারহীনতার কারণে বিএসএফ সদস্যরা মাঝেমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘চাকপাড়া সীমান্তে তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। তাদের সাথে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’

গুলির ঘটনায় আজমতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় এখনো সীমান্তে উত্তেজনা চলছে।

সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। সীমান্ত হত্যাকাণ্ড ও অনুপ্রবেশ বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার দাবি উঠেছে।

আমাদের ফলো করুন