গাজার উত্তরে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর চার সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একজন রিজার্ভ অফিসার রয়েছেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে একজন রিজার্ভ অফিসার ছিলেন, যিনি সাঁজোয়া ব্রিগেড ‘হামাহতস’-এর ৭৯ নম্বর ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। নিহত অন্য তিনজন ‘নাহাল’ নামের বিশেষ বাহিনীর সদস্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার উত্তরের বেইত হানুন এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলের সেনাবাহিনীর তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ৮৩৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৪০০ জন নিহত হয়েছেন ২৭ অক্টোবর গাজার ভেতরে স্থলযুদ্ধ শুরু হওয়ার পর।
যুদ্ধ শুরুর পর থেকে আহত হয়েছেন ৫ হাজার ৫৯০ জন ইসরায়েলি সেনা। এদের মধ্যে ৮২৪ জনের অবস্থা গুরুতর।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া এসব তথ্য নিয়ে বিতর্ক রয়েছে। প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে, সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনাদের প্রকৃত সংখ্যা আরও বেশি। তারা অভিযোগ করেছে, ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের ক্ষয়ক্ষতির সংখ্যা গোপন করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







