জয়শঙ্করের যুক্তরাষ্ট্র সফর: ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সম্ভাবনা?

জয়শঙ্করের যুক্তরাষ্ট্র সফর: ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সম্ভাবনা?
জয়শঙ্করের যুক্তরাষ্ট্র সফর: ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সম্ভাবনা? ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্প-ভ্যান্স উদ্বোধনী কমিটির আমন্ত্রণে জয়শঙ্কর এই সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জয়শঙ্কর নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা থেকে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, জয়শঙ্করের এই সফর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করবে।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় অর্জন করেন। জয়লাভের পরপরই তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধন করেন।

মোদি লেখেন, ‘নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন, আমার বন্ধু। আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছবে।’

আমাদের ফলো করুন