আওয়ামী লীগের আমলে ভারতের সাথে করা অসম চুক্তি এবং ভারতকে দেওয়া অন্যায্য সুবিধাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও তিন বিঘা করিডোরসহ পাঁচ জেলায় সীমান্তে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে সীমানা বিষয়ে চারটি অসম চুক্তি হয়েছিল। এর ফলে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। তবে বিজিবি সদস্য এবং দেশের সাহসী জনগণ ভারতের এ অপচেষ্টা সফল হতে দেয়নি। তিনি বিজিবি এবং জনগণের এ সাহসী ভূমিকার প্রশংসা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত ইস্যুতে বাংলাদেশ কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে দুই-এক দিনের মধ্যে তলব করা হবে। সীমান্ত চুক্তি অনুযায়ী, শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোন অবকাঠামো বা তৎপরতা চালানো যাবে না।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় বদ্ধপরিকর। সীমান্ত রক্ষায় আমাদের পর্যাপ্ত শক্তি রয়েছে। আর জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।’







