গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার মাত্রা বেড়েই চলেছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার গুঞ্জনের মধ্যেই হামলার তীব্রতা আরও বাড়িয়েছে দখলদার ইসরায়েল। আজ বুধবার ১৫ জানুয়ারি ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত ২২ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরার প্রতিবেদক।
গাজা শহরের বিভিন্ন এলাকা লক্ষ্য করে গতকাল মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৬৩ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা।
আজ বুধবার ভোরে মধ্য গাজার ব্রেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন শহিদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এছাড়া গাজা শহরের পশ্চিমের শেখ রিদওয়ান এলাকায় একটি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরও কয়েকজন হতাহত হয়েছেন। একই দিনে মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টেও বিমান হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চললেও গত তিন দিনে গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ শহিদ এবং অনেকে আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া ১১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গাজার ভয়াবহ অবরোধ এবং ক্ষুধায় বহু শিশু ও বৃদ্ধ মারা গেছেন। এটি আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা