বাংলাদেশে চালের মজুদ বাড়াতে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান গতকাল মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে দর্শনা রেলস্টেশনে পৌঁছেছে। রাত সোয়া ৯টার দিকে ভারতের গেদে রেলস্টেশন থেকে ৪২টি ওয়াগনে বোঝাই করা ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল দর্শনা রেল ইয়ার্ডে আসে।
ভারতের রেলওয়ের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু। তিনি জানান, এই চাল আমদানি করেছে ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতি মেট্রিক টনের ইনভয়েস মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯০ ডলার। রপ্তানি করেছে কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক বলেন, ‘কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং করা হবে। পরে সেখান থেকে ট্রাকে করে আমদানিকারকরা তা পরিবহন করবেন।’
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হবে। এর অংশ হিসেবে দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে প্রথম চালানটি দেশে প্রবেশ করলো।
চালের এই আমদানি দেশে বাজার স্থিতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।