ইসরায়েল আজ বুধবার ১৫ জানুয়ারি ঘোষণা করেছে, তারা সিরিয়া থেকে ৩,৩০০টিরও বেশি সামরিক অস্ত্র দখল করেছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে সিরীয় সেনাবাহিনীর ট্যাংক, অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র, আরপিজি, মর্টার শেল এবং বিভিন্ন গোয়েন্দা সরঞ্জাম।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সিরিয়ায় তাদের ২১০ নম্বর ডিভিশনের বাহিনী মিশন চালিয়ে যাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে ৩,৩০০টিরও বেশি অস্ত্র এবং কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে সিরীয় সেনাবাহিনীর ট্যাংক, বন্দুক, অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র, আরপিজি লঞ্চার, মর্টার এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা সরঞ্জাম ও যুদ্ধ সরঞ্জাম।
তবে কখন এবং কোথায় এসব অস্ত্র দখল করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী।
আজ বুধবার দুপুর পর্যন্ত (গ্রিনউইচ মান সময় ১২টা ৩০ মিনিট) সিরিয়ার নতুন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ডিসেম্বরে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির একটি নিরপেক্ষ অঞ্চল দখলের কথা জানায়। এটি ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন।
ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গাজা, লেবানন ও সিরিয়া থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি অস্ত্র দখল করা হয়েছে।
গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চলে প্রবেশের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী তাদের দখলের এলাকা আরও সম্প্রসারিত করেছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে ইসরায়েল গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে রেখেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







