হরিয়ানার বিজেপি প্রধান এবং গায়ক রকির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

হরিয়ানার বিজেপি প্রধান এবং গায়ক রকির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ
হরিয়ানার বিজেপি প্রধান এবং গায়ক রকির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ছবি: মুসলিম মিরর

হিমাচল প্রদেশের কাসৌলিতে হরিয়ানার বিজেপি প্রধান মোহনলাল বাদোলি এবং গায়ক জয় ভগবান ওরফে রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার হিমাচল প্রদেশ পুলিশ নিশ্চিত করেছে, এক নারী অভিযোগ করার পর এই মামলা শুরু হয়। পিটিআইয়ের পক্ষ থেকে বাদোলির প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

অভিযোগকারিণী জানিয়েছেন, ২০২৩ সালের ৩ জুলাই কাসৌলির একটি হোটেলে থাকা অবস্থায় তার সঙ্গে এই ঘটনা ঘটে। সেদিন তিনি তার বস এবং এক বন্ধুর সঙ্গে ওই হোটেলে ছিলেন। তিনি অভিযোগ করেন, সেদিন মোহনলাল বাদোলির সঙ্গে তার দেখা হয়, যিনি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দেন। পাশাপাশি রকি মিত্তল নিজেকে একজন গায়ক হিসেবে পরিচয় দেন। তারা তাকে সরকারি চাকরি এবং একটি মিউজিক ভিডিওতে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, পরে অভিযোগকারিণী এবং তার বন্ধুকে সঙ্গে নিয়ে দুই অভিযুক্ত একটি কক্ষে যান। সেখানে তাকে জোর করে মদ পান করানোর চেষ্টা করা হয়। তিনি অস্বীকৃতি জানালে তাকে ধর্ষণ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা এই ঘটনার ভিডিও এবং ছবি ধারণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেন।

নারীটি আরও অভিযোগ করেন, দুই মাস আগে তাকে রকির পঞ্চকুলার বাড়িতে যেতে বাধ্য করা হয়। সেখানে অভিযুক্তরা তাকে ভয় দেখান এবং ঘটনা প্রকাশ করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সোলান জেলার কাসৌলিতে এফআইআর দায়ের করা হয়। বাদোলি এবং রকির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় অভিযোগ আনা হয়েছে। এই এফআইআরের একটি কপি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্তদের দেওয়া হুমকি এবং প্রতিশ্রুতি, সবকিছুই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।

আমাদের ফলো করুন