গাজায় ৬০ বর্গকিলোমিটার জমি দখলের ষড়যন্ত্রে দখলদার ইসরায়েল

গাজায় ৬০ বর্গকিলোমিটার জমি দখলের ষড়যন্ত্রে দখলদার ইসরায়েল
গাজায় ৬০ বর্গকিলোমিটার জমি দখলের ষড়যন্ত্রে দখলদার ইসরায়েল। ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সম্ভাব্য বাফার জোন (নিরাপত্তা এলাকা) তৈরির পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। সংস্থাটি স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ইসরায়েল হয়ত এই অঞ্চল দখল করার পরিকল্পনা করছে।

এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পিত এই বাফার জোন গাজার প্রায় ৬০ বর্গকিলোমিটার এলাকাকে অন্তর্ভুক্ত করবে। আর গাজার মোট আয়তন প্রায় ৩৬০ বর্গকিলোমিটার। এর ফলে এই অঞ্চলের বিশাল অংশ ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যাবে।

স্যাটেলাইট চিত্রে গাজার চরম ধ্বংসযজ্ঞ স্পষ্ট। পুরো গাজা শহর এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সীমান্ত-সংলগ্ন অঞ্চলে হাজার হাজার ভবন ধ্বংস করেছে। পাশাপাশি সেখানে নতুন রাস্তা নির্মাণ এবং সামরিক ঘাঁটি স্থাপন করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্য গাজার নেসারিম এবং ফিলাডেলফি করিডোর (বর্তমান সালাহউদ্দিন করিডোর) নামে দুটি গুরুত্বপূর্ণ স্থানে দখলদার সেনারা প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন করেছে। ফিলাডেলফি করিডোর ফিলিস্তিন-ইজিপ্ট সীমান্তের একটি কৌশলগত এলাকা।

বিশ্বজুড়ে এই পদক্ষেপের বিরোধিতা করা হলেও ইসরায়েলি সেনাবাহিনীর কার্যক্রম থেমে নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার বাসিন্দাদের জন্য মানবিক সংকট আরও গভীর হবে।

আমাদের ফলো করুন