প্রতিদিন ৫০০টি ত্রাণবাহী ট্রাক পাঠানোর উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিদিন ৫০০টি ত্রাণবাহী ট্রাক পাঠানোর উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ফিলিস্তিনে নিযুক্ত প্রতিনিধি রিক পেপারকর্ন। ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ফিলিস্তিনে নিযুক্ত প্রতিনিধি রিক পেপারকর্ন জানিয়েছেন, ডব্লিউএইচও এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো গাজায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করানোর লক্ষ্য নিয়েছে।জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আজ শুক্রবার এ কথা জানান তিনি।

পেপারকর্ন বলেন, ‘ইসরায়েল এবং গাজার হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে আমরা স্বাগত জানাই। এই চুক্তি সব পক্ষের মেনে চলে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে সমর্থন দিতে ডব্লিউএইচও প্রস্তুত।’

তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে গাজায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করানোর পরিকল্পনা রয়েছে। এটি গত মাসে প্রতিদিন প্রবেশ করা ৪০ থেকে ৫০টি ট্রাকের তুলনায় অনেক বড় অঙ্কের ত্রাণ সহায়তা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা ত্রাণ পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। বর্তমানে হাজারো ত্রাণবাহী ট্রাক গাজার সীমান্তে অপেক্ষা করছে।’

তবে, পেপারকর্ন জানান, গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় প্রবেশ করা ত্রাণের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

গত বুধবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান ঘোষণা করেন, তাদের মধ্যস্থতায় মিশর ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি আগামী রবিবার থেকে কার্যকর হবে।

তিনি আরও জানান, চুক্তির প্রথম ধাপের মেয়াদ হবে ৪২ দিন। এতে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

আমাদের ফলো করুন