যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার ২১ জানুয়ারি স্থানীয় সময় তিনি এই নির্বাহী আদেশে সই করেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ট্রাম্প কোভিড-১৯ মহামারির ভুল ব্যবস্থাপনা এবং সংস্থাটির সংস্কার ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। এছাড়া সংস্থাটির অর্থায়নে যুক্তরাষ্ট্রের ওপর অন্যায় চাপ এবং চীনের নগণ্য অবদান নিয়েও অভিযোগ তুলেছেন তিনি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নেতৃত্বের অবস্থান দুর্বল করবে এবং ভবিষ্যতে মহামারি মোকাবিলা আরও কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, ২০২০ সাল থেকেই ডব্লিউএইচও’র বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। সেবার তিনি সংস্থাটির বিরুদ্ধে করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করার হুমকি দেন।
শপথ নেওয়ার পর ট্রাম্প আরও বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা এবং বাইডেন আমলের নির্বাহী আদেশ বাতিল।