উত্তর গাজায় পানির সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস: ফিলিস্তিনি সংস্থার দাবি

উত্তর গাজায় পানির সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস: ফিলিস্তিনি সংস্থার দাবি
উত্তর গাজায় পানির সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস: ফিলিস্তিনি সংস্থার দাবি। ছবি : আনাদোলু

গাজা উপত্যকার উত্তর অংশে ইসরায়েলি সেনাবাহিনীর কার্যক্রমের ফলে পানি ও পয়োনিষ্কাশন খাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। এতে পুরোপুরি ভেঙে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা। এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি পানিসম্পদ কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের দল দ্রুত ময়দানি পর্যবেক্ষণ শুরু করেছে। এতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর উত্তর গাজার পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামোর ভয়াবহ চিত্র সামনে এসেছে।

ফিলিস্তিনি পানিসম্পদ কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলার ফলে উত্তর গাজায় ৭০ শতাংশের বেশি পানি ও পয়োনিষ্কাশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে প্রায় ২৫টি পানি উত্তোলন কূপ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসযজ্ঞের কারণে পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। গত এক বছরে উত্তর গাজায় মাথাপিছু পানি সরবরাহ মাত্র ৩ লিটারে নেমে এসেছিল, যা অত্যন্ত সংকটজনক।

সংস্থাটি জানায়, পয়োনিষ্কাশন ব্যবস্থার পানি নিষ্কাশন ও পরিশোধন প্রক্রিয়ায় মারাত্মক ক্ষতি হয়েছে। এর ফলে অবকাঠামোগত বড় ধরনের ক্ষতি হয়েছে।

গত বছর পানিসম্পদ কর্তৃপক্ষ উত্তর গাজায় ৩৫টি পানি কূপ ও একটি প্রধান পাম্প স্টেশন সচল রাখার চেষ্টা করেছিল। এজন্য তারা প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ এবং মেরামত কার্যক্রম চালিয়ে যায়। তবে সাম্প্রতিক হামলার ফলে এই চেষ্টাগুলোও মুখ থুবড়ে পড়েছে।

সংস্থাটি জানায়, তারা এখন পর্যন্ত নয়টি ভূগর্ভস্থ কূপে জ্বালানি সরবরাহ পুনরায় চালু করতে পেরেছে। এগুলোই বর্তমানে উত্তর গাজার একমাত্র সচল পানি সরবরাহ ব্যবস্থা।

আমাদের ফলো করুন