ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গরিয়াবন্দ জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে প্রবীণ মাওবাদী নেতা জয়রাম রেড্ডিও রয়েছেন। তিনি ছত্তিশগড়-ওড়িষ্যা সীমান্তে গুলিবিদ্ধ হন। রেড্ডির মাথার দাম এক কোটি রুপি ঘোষণা করেছিল ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই অভিযানে অংশ নেয় জেলা রিজার্ভ বাহিনী (ডিআরজি), সিআরপিএফ এবং ওড়িষ্যার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে চলমান সংঘাতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮৭ বিদ্রোহী নিহত হয়েছেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলেছেন, বিদ্রোহীরা যেন দ্রুত আত্মসমর্পণ করে। না হলে ২০২৬ সালের মধ্যে এই বিদ্রোহ দমনের লক্ষ্য রয়েছে সরকারের।
সূত্র: এনডিটিভি