জেনিনে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আজ বুধবার সকাল থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলের ‘আয়রন ওয়াল’ নামের অভিযানে ইতিমধ্যেই ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শরণার্থী শিবির থেকে ৬০০-এর বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা সারায়া আল-কুদসের জেনিন ব্রিগেড জানিয়েছে, আমরা ইসরায়েলি বাহিনীকে সরাসরি গুলি ও বিস্ফোরকে আঘাত করছি। শত্রুরা যেখানেই ঢোকার চেষ্টা করছে, সেখানেই আমরা তাদের প্রতিহত করছি।
স্থানীয় সূত্রগুলো জানায়, সংঘর্ষ শহরের নাসিরা সড়ক এবং শরণার্থী শিবিরের ভেতরের গলিতে বেশি তীব্র হয়েছে। ইসরায়েলি বাহিনী শিবিরে প্রবেশের চেষ্টা করলে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হয়।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, জেনিনে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করছি। এছাড়া ইসরায়েলি বাহিনী জেনিন শহর এবং শরণার্থী শিবিরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
এদিকে হামাস সাধারণ জনগণকে প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা করতে হবে। পাশাপাশি ইসলামিক জিহাদ সংগঠনও পশ্চিম তীরজুড়ে ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করতে প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
জেনিন পৌরসভার এক কর্মকর্তা বশির মোতাফা জানিয়েছেন, শরণার্থী শিবির থেকে ৬০০-এর বেশি মানুষ জেনিন সরকারি হাসপাতালের সামনে আশ্রয় নিয়েছেন। তারা কেউ রাস্তায়, কেউ হাসপাতালে, আবার কেউ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। তাদের থাকার মতো কোনো জায়গা নেই।
দখলদার ইসরায়েলি বাহিনী শহর ও শিবির পুরোপুরি ঘিরে রেখেছে। প্রধান সড়কগুলো বন্ধ করা সহ বিভিন্ন রাস্তা ধ্বংস করেছে।
রেড ক্রিসেন্টের কর্মীরা আটকে পড়া ২০ জন শিশুকে উদ্ধার করেছে, যাদের বয়স মাত্র ৪ থেকে ৫ বছর। অভিযানের সময় দুই শিশু, তিন চিকিৎসক এবং দুই নার্স গুলিবিদ্ধ হয়েছেন।
জেনিনের রাজি হাসপাতালের চিকিৎসক ড. আবদুর রহমান কামেল জানান, ইসরায়েলি সেনাদের গুলিতে তাদের সহকর্মী হুসাইন আবু আল-হেইজা শহীদ হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের বয়স ৩ মাস থেকে দেড় বছর।
এদিকে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শরণার্থী শিবিরের কাছে একটি বিস্ফোরণে ইসরায়েলের চারজন সেনা আহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা







