বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান আবারও সমস্যার মুখোমুখি। সম্প্রতি আততায়ীর হামলায় আহত হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও নতুন এক আইনি সমস্যায় পড়েছেন তিনি। এবার তার পারিবারিক সম্পত্তি, যার বাজারমূল্য প্রায় ২১ হাজার কোটি টাকা, তা দখল করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশ সরকার ‘শত্রু সম্পত্তি আইন’-এর আওতায় সাইফের পৈতৃক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তুতি নিচ্ছে। ২০১৫ সালে এই সম্পত্তি দখলের প্রক্রিয়া আদালতের স্থগিতাদেশে থেমে থাকলেও, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ভোপাল হাই কোর্ট সাইফের আবেদন খারিজ করে দেয়। এতে করে সরকার সম্পত্তি দখলে আইনি বাধা আর থাকছে না।
১৯৪৭ সালে দেশভাগের সময় বহু মানুষ পাকিস্তান ও চীনে পাড়ি জমিয়েছিলেন। তারা নিজেদের জমি, বাড়ি ও শেয়ারের মালিকানা রেখে গিয়েছিলেন ভারতে। নতুন আইন অনুযায়ী, যারা স্থায়ীভাবে এই দেশ ছেড়ে চলে গেছেন তাদের সম্পত্তিকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে ঘোষণা করা হয়। এর মানে, তাদের বংশধররা আর সেই সম্পত্তির ওপর কোনো অধিকার রাখবে না। সরকার প্রয়োজন মনে করলে এগুলো বাজেয়াপ্ত করে বিক্রি করতেও পারবে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কেউ কেউ দাবি করছেন, এটি কট্টরপন্থীদের ‘লাভ জিহাদ’ তত্ত্ব বাস্তবায়নের আরেকটি কৌশল। অন্যদিকে, অনেকেই মনে করছেন, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ।
সাইফ আলী খানের পরিবার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বলিউডের এই ছোট নবাবের জীবনে একের পর এক সমস্যার আঘাত যেন থামছেই না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







