সুইজারল্যান্ডে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বিরুদ্ধে ‘গণহত্যায় উসকানি’ দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা করেছে কয়েকটি আন্তর্জাতিক সংগঠন। হারজগ বর্তমানে দেশটিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫৫তম বার্ষিক সভায় অংশ নিতে সফরে রয়েছেন।
সুইস অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, তারা বেশ কয়েকটি ফৌজদারি আবেদন গ্রহণ করেছে। এর মধ্যে একটি এসেছে ‘লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট জেনোসাইড’ নামের একটি বেসরকারি সংগঠনের পক্ষ থেকে। এসব আবেদনে গাজা উপত্যকায় ইসরায়েলের কার্যক্রমকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে হারজগকে অভিযুক্ত করা হয়েছে।
সুইস অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, অভিযোগগুলো নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসারে খতিয়ে দেখা হচ্ছে। তবে গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুইস কর্তৃপক্ষ হারজগের কূটনৈতিক দায়মুক্তির বিষয়ে ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
এদিকে, সংশ্লিষ্ট সংগঠনগুলো সুইস সরকারকে আইজ্যাক হারজগকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে। তারা অভিযোগ করেছে, গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারে সুইস সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
প্রসঙ্গত, গত বছরের ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তাদের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এই মামলাগুলো গাজা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের মধ্যেই এই অভিযোগ ওঠায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি







