জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫ ফিলিস্তিনি

জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫ ফিলিস্তিনি
জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫ ফিলিস্তিনি। ছবি : আনাদোলু

ইসরায়েলি সেনাদের হামলায় উত্তাল হয়ে উঠেছে জেনিন শহর। তৃতীয় দিনের অভিযানে গুলিবিদ্ধ হয়ে দু’জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া আরও তিনজনকে গ্রেপ্তারের পর শারীরিক নির্যাতন করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত দু’জনকে জেনিন শহরে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া জালামেহ চেকপোস্ট থেকে ইসরায়েলি সেনাদের হাতে মারধরের শিকার আরও তিনজনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনী ‘আয়রন ওয়াল’ নামে একটি সামরিক অভিযান চালাচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ১২ জন ফিলিস্তিনি শহীদ এবং ৪০ জন আহত হয়েছেন। এছাড়া এ সব হামলার কারণে প্রায় দুই হাজার মানুষ শহর ছেড়ে পাশের গ্রামগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শহরের অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ।

গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমেও ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। ফিলিস্তিনি সরকারি সূত্র মতে, চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত ৮৭৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ছয় হাজার ৭০০ জন। এ ছাড়া ১৪ হাজার ৩০০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

জেনিনে সামরিক অভিযান, গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞ ও পশ্চিম তীরের দমনপীড়নে ফিলিস্তিনিদের জীবনধারা বিপর্যস্ত হয়ে পড়েছে। নির্যাতন ও হত্যাযজ্ঞের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বিশ্লেষকরা।

আমাদের ফলো করুন