ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারত তার অবস্থান পরিষ্কার করেছে। নয়াদিল্লি বলছে, দুই দেশের সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়ে, যা অন্য কোন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের ওপর নির্ভর করে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়, যা দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। এই সম্পর্কের ভিত্তি হবে বন্ধুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি।
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি একেবারেই স্পষ্ট। আমরা চাই এমন একটি সম্পর্ক, যা দুই দেশের মানুষকে উপকৃত করবে। এটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং অন্য কারও সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর নির্ভরশীল নয়।’
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার যে কোন ঘটনার ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখে। পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টি ভারতের কাছে সর্বোচ্চ গুরুত্বের দাবি রাখে।
এদিকে আগামী মাসে দিল্লিতে বিএসএফ ও বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে কথা বলেছেন জয়সওয়াল। তিনি জানান, বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
সীমান্ত ইস্যুতে গঠনমূলক সহযোগিতার আহ্বান
সীমান্তে বেড়া দেওয়ার প্রসঙ্গেও ভারত তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জয়সওয়াল বলেন, ‘সীমান্ত সুরক্ষিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশ এ বিষয়ে গঠনমূলক সহযোগিতা করবে। উভয় পক্ষের জন্যই এই সমঝোতা বাস্তবায়ন করা জরুরি।’
ভারতের এই অবস্থান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা স্পষ্ট করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।







