বিএনপির নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি নিয়ে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ‘কথার টোন’ আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি) বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার নিরপেক্ষতা নিশ্চিত না করতে পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারের তরুণ উপদেষ্টাদের মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া তৈরি হয়।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির বক্তব্যে ‘এক এগারো’ সরকারের ইঙ্গিত দেখা যাচ্ছে। তিনি বলেন, এক এগারো এবং মাইনাস টু-এর প্রসঙ্গকে বিএনপিই রাজনৈতিক অঙ্গনে এনেছে। তাদের নিরপেক্ষতার দাবির সুর আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথে মিলে যাচ্ছে।
নাহিদ উল্লেখ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাতও সম্প্রতি ফেসবুকে বলেছেন, বর্তমান সরকার অনির্বাচিত। তার মতে, বিএনপি ও আওয়ামী লীগের কিছু বক্তব্যে সামঞ্জস্য দেখা যাচ্ছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে।
অন্যদিকে,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার এক বক্তব্যে বলেন, বিএনপি কখনোই এক এগারোর মতো ঘটনা সমর্থন করেনি। বরং সেই সময়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল ছিল বিএনপি।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবেই কাজ করছে। বিএনপির উচিত স্পষ্ট করা কেন তারা এটাকে নিরপেক্ষ মনে করছে না। তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপিপন্থী লোকজন থাকলেও সরকার নিরপেক্ষতা বজায় রাখছে।
অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের আচরণই এক এগারোর পুনরাবৃত্তি আশঙ্কার সৃষ্টি করছে।
বিএনপি, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বারবার সংঘাতমুক্ত সমাধানের আহ্বান জানানো হলেও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে এই বিতর্ক আরও তীব্র হবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: বিবিসি বাংলা







