গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার ২৫ জানুয়ারি দুপুরে ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা তাকে আটক করেন এবং পুলিশের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় সোহাগ ও তার সহযোগীরা সমন্বয়ক ওমর শরীফের ওপর হামলা চালান। হামলার সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও আক্রমণের শিকার হতে হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদ্দীন বলেন, আমরা সোহাগকে পুলিশে সোপর্দ করতে গেলে তিনি ও তার সহযোগীরা আমাদের ওপর আক্রমণ করেন। এতে আমাদের একজন সমন্বয়ক আহত হন। এরপর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আহত সমন্বয়ক ওমর শরীফ বলেন, সোহাগকে আটক করার সময় তিনি এবং তার সহযোগীরা আমার ওপর হামলা চালান। এতে আমি মারাত্মকভাবে আহত হই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, আমি ছুটিতে আছি। শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। দ্রুত ক্যাম্পাসে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবে।
এ ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







