জেনিনে দুই ফিলিস্তিনি শহিদ, তিন ইসরায়েলি সেনা আহত

জেনিনে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি শহিদ, তিন ইসরায়েলি সেনা আহত
জেনিনে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি শহিদ, তিন ইসরায়েলি সেনা আহত। ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযানে এক শিশুসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর তিন সদস্য আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, জেনিনের দক্ষিণে মুথাল্লাথ আশ শুহাদা গ্রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাত্র দুই বছর বয়সী এক শিশু মারা গেছে।

অন্যদিকে নাবলুস শহরের বালাটা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

জেনিনে সংঘর্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। স্থানীয় সূত্র জানায়, একটি ইসরায়েলি বিশেষ বাহিনী মুথাল্লাথ আশ শুহাদার গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে রাখে। এ সময় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়েন। ‘জেনিন ব্রিগেড’ জানিয়েছে, তারা দমিজ এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং কয়েকজন সেনাকে আহত করার কথা নিশ্চিত করেছে।

জেনিনের পাশাপাশি হেব্রনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামরিক বুলডোজারসহ ইসরায়েলি বাহিনী দক্ষিণ পশ্চিম তীরের হেব্রন শহরে অভিযান চালাচ্ছে। সেখানে বেইত উম্মার গ্রামে স্থানীয় ফিলিস্তিনি যুবকদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষ হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার জেনিনে অভিযানের সময় তাদের তিন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা মাঝারি ও সামান্য বলে জানানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযান পঞ্চম দিনে পা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, শরণার্থী শিবিরে ড্রোন ও নজরদারি বেলুন দিয়ে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। এ ছাড়া, শিবিরে বিভিন্ন বাড়ি ঘিরে অভিযান পরিচালনা, বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।

শুক্রবার রাতে কাবাতিয়া শহরে ড্রোন হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে শহিদ করেছে ইসরায়েলি বাহিনী।

জেনিনের পাঁচ দিনের অভিযানে এখন পর্যন্ত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হওয়া সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবির ও আশপাশের এলাকা থেকে হাজারো বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে।

অন্যদিকে পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি অভিযান এবং বসতকারীদের হামলায় এ পর্যন্ত ৮৭৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৬ হাজার ৭০০ জন। এ ছাড়া ১৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে বলে ফিলিস্তিনি সূত্র নিশ্চিত করেছে।

আমাদের ফলো করুন