বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগে ভ্রমণ, বাণিজ্য ও পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আজ রোববার ২৬ জানুয়ারি পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার পেশোয়ারে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং শিক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম ও করাচিকে সংযুক্তকারী শিপিং রুট ইতিমধ্যে দুই দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই পদক্ষেপে উভয় দেশের অর্থনীতি আরও উপকৃত হবে।

হাইকমিশনার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথা উল্লেখ করেন। পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে বলে তিনি জানান।

মোহাম্মদ ইকবাল হুসেইন বাংলাদেশের বাকস্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার সুযোগ করে দিয়েছে। এটি দেশে একটি শক্তিশালী বাকস্বাধীনতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করছে।’

হাইকমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়নই এখন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।

পাকিস্তানের প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী সক্ষমতা, বিশেষত বিমানবাহিনীর দক্ষতার প্রশংসা করেন হাইকমিশনার।

বাংলাদেশ ও পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালুর এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ফলো করুন