উত্তর গাজায় নিজেদের ধ্বংসপ্রায় ঘরে ফিরতে চাওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাধা দিয়ে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আর ঘরে ফিরতে দেওয়া হবে না। হামাসের বিরুদ্ধে নারী বন্দি মুক্তিতে বিলম্বের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় সপ্তাহে ৪ ইসরায়েলি সেনার বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেলেও বাস্তুচ্যুতদের জন্য পরিস্থিতি সংকটজনক রয়ে গেছে। আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খালিলি জানিয়েছেন, ঘরে ফেরা ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাচ্ছেন না। বেইত হানুন, বেইত লাহিয়া ও জাবালিয়ার অবস্থা এমনই যে সেগুলো এখন বসবাসের অনুপযুক্ত।
গাজা পরিস্থিতি ইসরায়েলের দখলদার মনোভাব ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার অধিকার রোধ করে ইসরায়েল পুরো অঞ্চলকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি