গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। গতকাল রোববার সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শনিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্যে গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডানসহ প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের প্রস্তাব দেন। তিনি দাবি করেন, ইসরায়েলের হামলার ফলে গাজা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।
গ্রাহাম বলেন, ‘যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের মতো দেশগুলোর কাছে জানতে চাই ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যাওয়া তারা চায় কি না, আমি নিশ্চিত তারা বলবে, না। বরং তারা চায় ফিলিস্তিনিরা নিরাপদে এবং সম্মানের সঙ্গে তাদের ভূমিতে বসবাস করুক।’ তিনি আরও বলেন, ‘গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর চিন্তা পুরোপুরি অযৌক্তিক।’
ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, তার দেশ ফিলিস্তিনিদের স্থানান্তরের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। রোববার আম্মানে জাতিসংঘের গাজা পুনর্গঠনবিষয়ক সমন্বয়ক সিগ্রিড কাখের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মিশরও ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরোধিতা করেছে। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মিশরের অবস্থান জানিয়ে একটি পোস্টে বলা হয়, ফিলিস্তিনিদের সাইনাই উপদ্বীপে স্থানান্তরের প্রস্তাব তাদের দেশ গ্রহণ করবে না।
ফিলিস্তিনি প্রশাসনও গাজার জনগণকে সরানোর প্রস্তাবকে ‘লাল রেখা অতিক্রম’ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই ধরনের যেকোনো পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে।
সূত্র : টিআরটি অ্যারাবিক







