ইসলামি মূল্যবোধ রক্ষা ও ফ্যাসিবাদ প্রতিরোধে বিএনপি-ইসলামি আন্দোলনের ঐক্যমত্য

ইসলামি মূল্যবোধ রক্ষা ও ফ্যাসিবাদ প্রতিরোধে বিএনপি-ইসলামি আন্দোলনের ঐক্যমত্য
বৈঠক শেষে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

ইসলামি শরিয়াবিরোধী সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলামবিরোধী বক্তব্য পরিহারসহ ১০ দফা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ।

সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এক বৈঠকে এই ঐকমত্য গড়ে ওঠে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

ঐকমত্যের মূল বিষয়গুলো:

১. জাতীয় ঐক্য প্রতিষ্ঠা: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম এবং টেকসই রাষ্ট্র গঠন।
২. দুর্নীতি প্রতিরোধ: দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও অর্থপাচারকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা।
৩. মানবাধিকার রক্ষা: ভোটাধিকারসহ সব ধরনের মানবাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য।
৪. সুষ্ঠু নির্বাচন আয়োজন: প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
৫. দ্রব্যমূল্যের স্থিতিশীলতা: নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা।
৬. ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্য: আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে কাজ করবে।
৭. পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকা: ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য পরিহার।
৮. ভবিষ্যৎ ফ্যাসিবাদ প্রতিরোধ: আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি যেন ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে, তা নিশ্চিত করা।
৯. ইসলামি মূল্যবোধের সুরক্ষা: ইসলামি শরিয়াবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলামবিরোধী বক্তব্য পরিহার করা হবে।
১০. প্রশাসনে সংস্কার: প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের দ্রুত অপসারণ।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদসহ শীর্ষ নেতারা।

উভয় পক্ষই এই ঐক্যমত্যকে কেন্দ্র করে দেশ পুনর্গঠনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আমাদের ফলো করুন