ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ৩টায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা শেষে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে।
সভায় সাত কলেজের পৃথকীকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য জানান, এসব সিদ্ধান্ত শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির আলোকে গৃহীত হয়েছে।
সভায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সাত কলেজকে সম্মানজনকভাবে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজে আর ঢাবির অধীনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে না। প্রাথমিকভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার কথা থাকলেও সিদ্ধান্তটি এক বছর এগিয়ে আনা হয়েছে।
৩. শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি পরবর্তী শিক্ষাবর্ষ পরিচালনার দায়িত্ব নেবে।
৪. বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের আসন সংখ্যা, ভর্তি ফি এবং অন্যান্য বিষয় নির্ধারণ করবে।
৫. বর্তমানে ঢাবির অধীনে থাকা সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির ভিত্তিতেই সাত কলেজকে পৃথক করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।