ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে ১৪ জন আহত

ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে ১৪ জন আহত
ইসরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে ১৪ জন আহত। ছবি : আনাদোলু

দক্ষিণ লেবাননের নাবাতিয়া আল ফাওকা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এই হামলা ইসরা কর্তৃক লেবাননে যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েলি আগ্রাসনে নাবাতিয়ায় এখন পর্যন্ত ১৪ জন আহত হয়েছেন।’ এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিকভাবে সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানায়, প্রথমে ইসরায়েলের ড্রোন একটি পিকআপ গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ঘটনাটি ঘটে রোদাত স্কুলের সড়কে। এতে গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং আশপাশে থাকা তিনজন আহত হন। পাশাপাশি কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা গাড়িগুলোতেও।

এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এবার লক্ষ্যবস্তু ছিল নাবাতিয়া-জোতার সড়কের ‘ফারাহ রেস্ট হাউজ’ সংলগ্ন এলাকা। সেখানেও বেশ কয়েকজন আহত হন।

ইসরায়েলের সামরিক রেডিওতে এক সংক্ষিপ্ত বার্তায় সেনাবাহিনী স্বীকার করেছে, তারা নাবাতিয়া এলাকায় হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এরপরও ইসরায়েল অন্তত ৬৭২ বার এই চুক্তি লঙ্ঘন করে লেবাননে তাদের নৃশংস আগ্রাসন চালিয়েই যাচ্ছে।

সর্বশেষ যুক্তরাষ্ট্র জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েলের লাগাতার হামলা এই চুক্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

আমাদের ফলো করুন