অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের আন্দোলনের ঘোষণা

বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ছবি : সংগৃহীত

সাবেক ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে। দলটি আগামী ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় এই কর্মসূচির কথা জানানো হয়।

ধাপে ধাপে আন্দোলনের পরিকল্পনা

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী,

১. ১-৫ ফেব্রুয়ারি: লিফলেট বিতরণ

২. ৬ ফেব্রুয়ারি: বিক্ষোভ সমাবেশ ও মিছিল

৩. ১০ ফেব্রুয়ারি: দেশব্যাপী বিক্ষোভ

৪. ১৬ ফেব্রুয়ারি: দেশজুড়ে অবরোধ

৫. ১৮ ফেব্রুয়ারি: সকাল-সন্ধ্যা হরতাল

দলটির দাবি, অন্তর্বর্তী সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে এবং দেশজুড়ে দমন-পীড়ন চালাচ্ছে। এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি এসব মামলা ‘প্রহসনের বিচার’ বলে উল্লেখ করেছে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। দলীয় প্রধান ফ্যাসিস্ট হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এ ছাড়া দলের অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে, আত্মগোপনে বা কারাগারে রয়েছেন।

আওয়ামী লীগের নতুন আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের অবস্থান এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া কেমন হবে, তা এখন সময়ই বলে দেবে।

আমাদের ফলো করুন