সুইডেনে কোরআন পোড়ানোর সেই সালওয়ান মোমিকা গুলিতে নিহত

সুইডেনে কোরআন পোড়ানোর উস্কানিদাতা সালওয়ান মোমিকা গুলিতে নিহত
কোরআন পোড়ানোর উস্কানিদাতা সালওয়ান মোমিকা। ছবি : সংগৃহীত

মুসলিমদের ধর্মীয় পবিত্র মহাগন্থ আল কোরআন পোড়ানোর জন্য পরিচিত মুখ ইরাকি বংশোদ্ভূত খ্রিস্টান অভিবাসী সালওয়ান মোমিকা (৩৮) সুইডেনের হোভশো এলাকায় গুলিতে নিহত হয়েছে। গতকাল বুধবার ২৯ জানুয়ারি রাতে নিজের অ্যাপার্টমেন্টেই সে হামলার শিকার হয়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় সে টিকটকে লাইভস্ট্রিম করছিল।

স্থানীয় পুলিশ রাত ১১টার দিকে গুলির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উক্ত ঘটনার তদন্তে ড্রোন নজরদারিসহ বিশেষ টিম মোতায়েন করা হয়। সুইডেনের সংবাদমাধ্যম এসভিটি নিউজ এবং ক্রিমফুপ ডট এইস নিহত ব্যক্তিকে মোমিকা বলে চিহ্নিত করেছে।

এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ইসলামবিরোধী কার্যকলাপের কারণে মোমিকা হামলার শিকার হতে পারে। নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই তার বিরুদ্ধে আদালতের একটি রায় ঘোষণার কথা ছিল, যেখানে তাকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ জুন থেকে সালওয়ান মোমিকা প্রকাশ্যে কোরআনের কপি পোড়ানো শুরু করে। সুইডেনের পুলিশি নিরাপত্তায় সে মুসলিম দেশগুলোর দূতাবাস ও মসজিদের সামনে প্রকাশ্যে কোরআনের অবমাননা করে। তার এসব কর্মকাণ্ড বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এ ছাড়া মুসলিম দেশগুলোতে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়।

আমাদের ফলো করুন