ভারতের মধ্যপ্রদেশে প্রশিক্ষণ চলাকালে একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি শিবপুরীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়ালিয়রের পুলিশের মহাপরিদর্শক (আইজি) অরবিন্দ সাক্সেনা বলেন, বিমানটি মহারাজপুরা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। পাইলটদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতে সাম্প্রতিক বছরগুলোতে এমন আরও বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ৩৪টি বিমান দুর্ঘটনা হয়েছে।







