ভারতে দিল্লির আকবর রোডের সাইনবোর্ডে কালো রং মাখিয়ে তাতে রাজপুত শাসক মহারানা প্রতাপের পোস্টার সাঁটিয়েছে উগ্র হিন্দুত্ববাদী একদল যুবক। গতকাল বৃহস্পতিবার ১৯ মার্চ এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা দাবি করেছে, কাশ্মীর গেট আইএসবিটিতে থাকা মহারানা প্রতাপের একটি মূর্তি অবমাননার প্রতিবাদে তারা এই কাজ করেছে।
প্রতিবাদকারীদের একজন অমিত রাঠোর অভিযোগ করেন, মূর্তিটি অবমাননার ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। তাই তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে আকবর রোডের সাইনবোর্ড বিকৃত করেছে। ঘটনার সময় তারা ‘জয় ভবন’ স্লোগান দিচ্ছিল।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বিজয় নামের এক ব্যক্তি সাইনবোর্ড বিকৃত করার সময় বক্তব্য দিচ্ছেন। তিনি জানান, তারা দিল্লিতে মোগল সম্রাট আকবর, বাবর ও হুমায়ুনের নামে থাকা সাইনবোর্ড সরিয়ে ফেলতে চায়।
তিনি আরও দাবি করেন, মোগল সম্রাটরা হিন্দুদের ওপর নির্যাতন চালিয়েছে, মন্দির ধ্বংস করেছে এবং ভারতের ঐক্য নষ্ট করেছে। তাই তাদের নাম মুছে ফেলা দরকার।
এই প্রথম নয়..
এটি প্রথমবারের মত ঘটনা নয়। এর আগে ফেব্রুয়ারি ২০২৫-এ আকবর রোড ও হুমায়ুন রোডের সাইনবোর্ড বিকৃত করা হয়েছিল। তখন সেখানে ছত্রপতি শিবাজি মহারাজের ছবি সাঁটানো হয়েছিল। এটি ঘটেছিল বলিউড সিনেমা ছাভা মুক্তির পর। ছবিটি ছত্রপতি সাম্ভাজি মহারাজের জীবন ও মোগল সম্রাট আওরঙ্গজেবের নির্যাতনকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
এই সিনেমার মুক্তির পর থেকেই মোগল শাসকদের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। বিজেপির একাংশ আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবি তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, এটি আইনগতভাবে করা যেতে পারে, কারণ সমাধিটি ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থার (ASI) সুরক্ষিত তালিকায় রয়েছে।
এরপর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আওরঙ্গজেবের প্রশংসাকারীদের ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য করেন।
এদিকে ১৭ মার্চ নাগপুরে মুসলিম সম্প্রদায় ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন কিশোরও রয়েছে।
একইসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও বজরং দল আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভ করে এবং তার কুশপুত্তলিকা দাহ করে।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মহারাষ্ট্র প্রশাসন সেখানে নিরাপত্তা জোরদার করেছে। চতুর্দিকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সমাধিতে প্রবেশের জন্য পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র: এমএম







