ভারতের জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঘটনার শুরু বৃহস্পতিবার অধিবেশনের চতুর্থ দিনে। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারা পুনর্বহালের দাবিতে একটি প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন।
কিন্তু বিধানসভার ভেতরেই তার হাত থেকে প্ল্যাকার্ডটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়। অবস্থার অবনতি হলে স্পিকার আব্দুল রহিম রাঠের অধিবেশন মুলতবি করতে বাধ্য হন।
পরে এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার অন্যতম দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) বিধানসভায় নতুন একটি প্রস্তাব আনে, যেখানে কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের দাবি জানানো হয়। কিন্তু বিজেপি নেতা রবীন্দর রাইনা এই প্রস্তাবের কড়া সমালোচনা করে বিরোধী দলগুলোকে ভারতবিরোধী মনোভাব উস্কে দেওয়ার অভিযোগ তোলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে। এরপর জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।







