২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১১ বছর ধরে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবি ও অন্যান্য নিরপরাধ কারাবন্দীদের মুক্তি এবং ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে।
মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সিনিয়র উপদেষ্টা মুফতি আজহারুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য
মুফতি আজহারুল ইসলাম বলেন, “স্বৈরাচারী সরকারের আমলে ইসলামের পক্ষে লেখালেখির জন্যই ব্লগার শফিউর রহমান ফারাবিকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় যুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাঁর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। এ দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিশেষ বক্তার বক্তব্য
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি মোহাম্মদ শরিফুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠার জন্য এবং সকল নিরীহ বন্দীর মুক্তি দিতে হবে। বিশেষত ‘সন্ত্রাসবিরোধী আইন ২০০৯’ বাতিল করতে হবে, যা মানবাধিকারের জন্য হুমকি।”
সভাপতির বক্তব্য
সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন একটি মানবাধিকারভিত্তিক অরাজনৈতিক সংগঠন। আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে সারাদেশে আন্দোলন বেগবান হবে।”
তিনি আরও অভিযোগ করেন আদালত জামিন প্রদানের ক্ষেত্রে দলীয় বৈষম্যমূলক আচরণ করছে। একইসাথে কারাবন্দীদের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
ছয় দফা দাবিবিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন নিম্নলিখিত ছয় দফা দাবি তুলে ধরে:
১. মিথ্যা মামলা প্রত্যাহার করে ‘সন্ত্রাসবিরোধী আইন-২০০৯’ বাতিল ও নিরপরাধ কারাবন্দীদের মুক্তি।
২. জামিন ও বিচার প্রক্রিয়ায় দল-মত-ধর্ম নির্বিশেষে বৈষম্যহীন আচরণ।
৩. গুম ও ক্রসফায়ার বন্ধ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
৪. আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি।
৫. কারাবন্দীদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
৬. আন্তর্জাতিক মানদণ্ডে বন্দীদের সাথে মানবিক আচরণ, যেমন: মাসে একবার পরিবারের সাথে সাক্ষাৎ।
বিক্ষোভে অন্যান্য বক্তার বক্তব্য
সমাবেশে বিশেষ বক্তব্য রাখেন লেখক ও গবেষক মাওলানা মো. ইসহাক খান, কেন্দ্রীয় সমন্বয়ক আলতাফ হোসেন এবং মুফতি আলমগীর হোসাইনসহ আরও অনেকে। বক্তারা একসুরে ব্লগার শফিউর রহমান ফারাবির মুক্তি ও ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।
আহ্বানবক্তারা আশাবাদ প্রকাশ করেন সরকারের মানবাধিকার উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই দাবিগুলো মেনে নেবেন। তারা জনগণের আকুতিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরিশেষে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।







