অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এটি একটি বড় সফলতা, যা দেশের জ্বালানি ব্যবস্থাপনার উন্নতি ও দক্ষতা প্রদর্শন করে।
শনিবার ২৩শে নভেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে এক আলোচনা সভায় এই তথ্য জানান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও এগিয়ে যাওয়া। আগামী সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেয়া হবে, যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি পরিকল্পনার অংশ।
এসময় তিনি আরও উল্লেখ করেন, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে এবং দেশে সরকারি ক্রয় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আরও বলেন, এখন আর সরকারি সখ্যতার মাধ্যমে ব্যবসা চলবে না। ঘুষ ও অনৈতিক বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে। ভালো ব্যবসায়ীদের জন্য এক নতুন সুযোগ তৈরি করা হবে।
উপদেষ্টা ফাওজুল কবির খান এসময় দেশের অর্থনীতির উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সুষ্ঠু সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন।







