ভারতের বিকল্প যে দেশ থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

ভারতের বিকল্প যে দেশ থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ
ভারতের বিকল্প যে দেশ থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নেপাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি শিগগিরই বাস্তবায়িত হতে যাচ্ছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানিতে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। ভারতের অনুমোদনের অপেক্ষায় থাকা এই উদ্যোগটি আগামী বছর কার্যকর হতে পারে।

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ছয় বছর ধরে চলা আলোচনার অবসান ঘটে গত ৩রা অক্টোবর। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে।

সম্প্রতি ভারতের বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। সেখানে ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়। সফর শেষে দেশে ফিরে দীপক খাড়কা বলেন, আমরা ভারতীয় পক্ষের থেকে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পাব।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ১৫ই জুলাই থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত নেপাল ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করবে। এ জন্য ভারতের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ব্যবহার করা হবে। অনুমতি প্রক্রিয়া সম্পন্ন হলে নেপালের জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুর করবে।

নেপালের জলবিদ্যুৎ রপ্তানির এই উদ্যোগ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি এটি বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফলো করুন