র‌্যাবের আয়নাঘর নিয়ে যে তথ্য দিলেন র‍্যাবের মহাপরিচালক

র‌্যাবে ‘আয়নাঘর’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন র‍্যাবের মহাপরিচালক
রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান স্বীকার করেছেন, র‍্যাবে আয়নাঘর ছিল এবং তা বর্তমানেও রয়েছে।

তিনি জানান, গুম ও খুনের অভিযোগসহ আয়নাঘর প্রসঙ্গে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, আয়নাঘরসহ সবকিছু বর্তমান অবস্থাতেই রয়েছে। কমিশন যা নির্দেশ দিয়েছে, সেভাবেই রাখা হয়েছে। কোন পরিবর্তন বা পরিবর্ধন করা হয়নি।

র‍্যাবের পোশাক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে চিন্তা-ভাবনা চলছে। তবে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তির মানসিকতা। ভালো মানসিকতার ব্যক্তিই ভালো কাজ করবে। খারাপ মানসিকতার ব্যক্তির ক্ষেত্রে পোশাক কোন পার্থক্য আনবে না।

তিনি আরও জানান, র‍্যাব পুলিশের আইনের অধীনে পরিচালিত হলেও আলাদা একটি আইন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গণমাধ্যম ও জনমত বিবেচনায় র‍্যাবের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে র‍্যাবের এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস উপস্থিত ছিলেন।

আমাদের ফলো করুন