সুদানের হাসপাতালে সন্ত্রাসী আরএসএফের হামলা, নিহত ৯

সুদানের ফাশারে আরএসএফের গোলাবর্ষণে ৪০ জন নিহত
সন্ত্রাসী আরএসএফের ছবি। ছবি : সংগৃহীত

উত্তর সুদানের আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে সন্ত্রাসী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় ৯ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে চালানো এই হামলায় চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

উত্তর দারফুর স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ইব্রাহিম খাতির জানান, ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো হাসপাতালের সেই স্থানে আঘাত করে, যেখানে রোগীদের স্বজনরা জড়ো হয়েছিলেন। হামলায় নিহত ৯ জনই রোগীর স্বজন। আর আহত ২০ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সৌদি হাসপাতালটি আল-ফাশির অঞ্চলে একমাত্র পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। হামলার পর সন্ত্রাসী গোষ্ঠীটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, সুদানে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০ মাস ধরে চলা সংঘর্ষে আল-ফাশির একটি গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে বেসরকারি সূত্র মতে, মৃতের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, সংঘাতের ফলে সুদানে প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। এর মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এই সংকটকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট হিসেবে অভিহিত করেছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

আমাদের ফলো করুন