দামেস্কের অতি নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী

দামেস্কের অতি নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী
দামেস্কের অতি নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিরিয়ার ভেতরে তেল হাদার পাহাড়ে অভিযান চালিয়েছে। ইসরায়েলি সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভিতরে এবং দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ে আইডিএফের ৬০৩তম ব্যাটালিয়ন অবস্থান নিয়েছে। এটি আইডিএফের ইতিহাসে সিরিয়ার সবচেয়ে গভীর এলাকায় পরিচালিত অভিযান বলে মনে করা হচ্ছে।

আইডিএফের ৬০৩তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন উরি আলমগ জানান, গত বুধবার আমরা ছুটিতে গিয়েছিলাম। কিন্তু শনিবার রাতে ফোন পেয়ে দ্রুত গোলান মালভূমিতে সমবেত হতে হয়। পরদিন আমরা সিরিয়ার মাটিতে প্রবেশ করি।

তিনি বলেন, তেল হাদার দখলের জন্য আমরা কমান্ডো ব্রিগেডের অধীনে অভিযান চালাই। তবে ব্রিগেড ৭-এর একটি যান প্রথম তেল হাদারের শীর্ষে পৌঁছে। আইডিএফের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ ১৯৭৩ সালের যুদ্ধে গোলানি ব্রিগেড সর্বশেষ এই পাহাড় দখল করেছিল।

ক্যাপ্টেন আলমগ জানান, সিরিয়ার প্রতিরক্ষা কাঠামো দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা হেজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে অভিযানের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশার চেয়ে অনেক সহজে ভেঙে ফেলতে পেরেছি। তাদের প্রতিরক্ষা বাধাগুলো আমাদের বুলডোজার সহজেই সরিয়ে ফেলেছে।

সিরিয়ার সামরিক ঘাঁটিগুলো দখল করে ক্যাপ্টেন আলমগ বলেন, ঘাঁটিগুলো পরিচ্ছন্ন ছিল। সঠিক সাইনবোর্ড, ডাস্টবিন এবং অন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা ছিল। তবে তাদের সামরিক সরঞ্জাম অকেজো ছিল। আমরা নাইট-ভিশন ডিভাইস পেলেও তা কোনোভাবেই কাজ করেনি।

দখলদার ইসরায়েলি সৈন্যরা জানায়, তারা সিরীয় বাহিনীর পর্যবেক্ষণ লগ উদ্ধার করেছে। যেসব লগে ইসরায়েলি সীমান্তের কাছে সৈন্যদের গতিবিধির বিস্তারিত তথ্য লিপিবদ্ধ ছিল।

বর্তমানে দখলদার সৈন্যরা কঠোর শীতের মধ্যে অবস্থান করছে। ক্যাপ্টেন আলমগ বলেন, আমরা তীব্র ঠাণ্ডার মধ্যেও রয়েছি। তবে সেনাদের প্রয়োজনীয় সকল সুবিধা দেওয়া হচ্ছে। তারা খাবার এবং শীতবস্ত্র পাচ্ছে, তাই কোন সমস্যায় পড়তে হচ্ছে না।

আইডিএফের এই অভিযান সিরিয়ার সামরিক দুর্বলতার একটি জ্বলন্ত উদাহরণ। সিরিয়ার সীমান্তে হামলা এবং গোলান মালভূমি দখলে ইসরায়েলি বাহিনীর এই তৎপরতা বর্বরতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আমাদের ফলো করুন