গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় রবিবার ১৯ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাগুলো শেখ রিদওয়ান, নাফাক, জাইতুন, বাইত হানুনসহ গাজার বিভিন্ন এলাকায় চালানো হয়।
শেখ রিদওয়ান এলাকায় আরুক পরিবারের বাড়িতে হামলায় সাতজন, নাফাক এলাকায় মুতর পরিবারের বাড়িতে পাঁচজন এবং জাইতুন এলাকায় তুতুহ পরিবারের বাড়িতে তিনজন নিহত হন।
উত্তর গাজার বাইত হানুন শহরে সুলতান আব্দুল হামিদ সড়কে আরেকটি হামলায় খলাফ পরিবারের চার সদস্য—একজন পুরুষ, তার স্ত্রী এবং তাদের দুই মেয়ে নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী বাইত হানুনে খলিল আওয়াইদা স্কুলে অবস্থানরত হাজারো উদ্বাস্তুকে ঘিরে রাখে এবং গুলিবর্ষণ করে। একই সাথে উত্তর গাজার শেখ জায়েদ ও বাইত লাহিয়া এলাকায় এবং পশ্চিম জাবালিয়ার সাফতাওয়ি এলাকায়ও গোলাবর্ষণ চালানো হয়।
এদিকে মধ্য গাজার দেইর আল বালাহ শহরে উদ্বাস্তুদের একটি তাঁবুতে হামলায় আটজন আহত হন। দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে উদ্বাস্তুদের অবস্থান লক্ষ্য করেও ট্যাংক হামলা চালানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ১ লাখ ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের নির্দেশ উপেক্ষা করে দখলদার ইসরায়েলি বাহিনী তাদের বর্বর হামলা অব্যাহত রেখেছে।







