আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করল দখলদার ইসরায়েল

আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধ করল দখলদার ইসরায়েল
আয়ারল্যান্ডে দখলদার ইসায়েলের দূতাবাস। ছবি: আরটি অ্যারাবিক

দখলদার ইসরায়েল আয়ারল্যান্ডে তাদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ড সরকারের ‘চরমপন্থী নীতি’র কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ইসরায়েল।

গত রবিবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আয়ারল্যান্ড সরকারের ‘চরমপন্থী ইসরায়েলবিরোধী নীতি’র কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড ইসরায়েলকে অস্বীকার ও অপমান করার পাশাপাশি দ্বৈত নীতি অনুসরণ করেছে।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সা’আর বলেন, ‘আয়ারল্যান্ড ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি লাল সীমানা অতিক্রম করেছে। আমরা আমাদের কূটনৈতিক সম্পদ এমন দেশগুলোতে বিনিয়োগ করব, যারা ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে!’

অন্যদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সায়মন হ্যারিস ইসরায়েলের এই পদক্ষেপে গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও পারস্পরিক অবস্থান বোঝার জন্য কূটনৈতিক চ্যানেল খোলা রাখা আজকের দিনে আরও গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আয়ারল্যান্ড কোনোভাবেই ইসরায়েলবিরোধী নয়। আমরা শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে।’

উল্লেখ্য, গাজায় চলমান সহিংসতা নিয়ে আয়ারল্যান্ড বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এ বছরের মে মাসে দেশটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যা ইসরায়েলের ক্ষোভের কারণ হয়েছে। সম্প্রতি আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) প্রক্রিয়াকেও সমর্থন করেছে।

আয়ারল্যান্ড সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য ও প্রভাব উভয়ই ফিলিস্তিনি জনগণের ওপর সামষ্টিক শাস্তি হিসেবে কাজ করছে। এতে ৪৪,০০০ মানুষ নিহত এবং লাখ লাখ বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’

দখলদার ইসরায়েল এই অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, গাজার বেসামরিক প্রাণহানির জন্য হামাস দায়ী! ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামাস ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে! হামাসের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে বলেও জানায় আইডিএফ!

ইসরায়েল ইতোমধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকেও নাকচ করেছে।

আমাদের ফলো করুন