ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের। ছবি: আল জাজিরা

দখলদার ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘প্যালেস্টাইন-২’ নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়।

হুথিদের দাবি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সম্ভাব্য টুকরো পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল!

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার সময় তেলআবিবসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। তবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে হুথি গোষ্ঠী।

প্রসঙ্গত, গত ২০২৩ এর শেষ থেকেই গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলকে লক্ষ্য করে আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল গোষ্ঠীটি।

আমাদের ফলো করুন