রাশিয়ার নতুন আইনে তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ

রাশিয়ার নতুন আইনে তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ
রাশিয়ার নতুন আইনে তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ। ছবি: আরটি অ্যারাবিক

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা গতকাল মঙ্গলবার ১৭ই ডিসেম্বর একটি নতুন আইন পাস করেছে, যার মাধ্যমে আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নতুন আইন অনুযায়ী, সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত কোনো সংস্থার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা যাবে। এর জন্য রুশ ফেডারেশনের প্রসিকিউটর জেনারেল বা তার ডেপুটিকে আদালতে আবেদন করতে হবে। তবে শর্ত হলো, প্রমাণ দেখাতে হবে যে ওই সংগঠন তালিকাভুক্ত হওয়ার পর সন্ত্রাসবাদের প্রচার, সমর্থন বা কার্যক্রম বন্ধ করেছে।

নতুন আইনে রাশিয়ার প্রশাসনিক আদালতের পদ্ধতিগত আইন এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন সংশোধন করা হয়েছে। এতে নির্ধারণ করা হয়েছে, কী কী কারণে কোন সংগঠন বা ব্যক্তিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া যাবে।

২০২১ সালে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে। তালেবান এখন রাশিয়ার কাছে সন্ত্রাসী তকমা সরানোর আবেদন করতে পারে। এই নতুন আইন তাদের সেই সুযোগ আরও সহজ করে দেবে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই আইন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় কৌশল। এটি একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানকে শক্তিশালী করছে, অন্যদিকে তালেবানের মতো শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা বাড়াচ্ছে।

আমাদের ফলো করুন