আফগানিস্তানে এক মাসে ২০ হাজার ৩৭৬ জিরিব (আফগান ভূমি পরিমাপের একক, প্রায় ২,০০০-২,৫০০ বর্গমিটার) সরকারি জমি উদ্ধার করেছে ইসলামিক আমিরাতের জমি দখল প্রতিরোধ কমিটি। আফগানিস্তানের ন্যায়বিচার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত আরবি মাস জমাদাল উলায় এই জমি উদ্ধার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, জমি পুনরুদ্ধারের কার্যক্রম আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। জমি উদ্ধার হয়েছে কান্দাহার, কুন্দুজ, জাউজান, গোর, খোস্ত ও পাঞ্জশিরসহ কয়েকটি প্রদেশে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি উদ্ধার হয়েছে কান্দাহারে। প্রদেশটিতে ৯ হাজার ৬১০ জিরিব জমি পুনরুদ্ধার করা হয়েছে।
জমি দখল প্রতিরোধ কমিটির কারিগরি দল জানিয়েছে, একই সময়ে ২৫টি প্রদেশে ৩ লাখ ১৭ হাজার জিরিব জমির নথি প্রণয়ন করা হয়েছে। অন্যদিকে ৩১টি প্রদেশে ৩ লাখ ৭৫ হাজার জিরিব জমি নিয়ে তদন্ত চলছে।
ন্যায়বিচার মন্ত্রণালয় বলছে, ক্ষমতা গ্রহণের পর থেকে ইসলামিক আমিরাত লক্ষ লক্ষ জিরিব জমি উদ্ধার করেছে। সরকারি জমি রক্ষায় এ উদ্যোগ অব্যাহত থাকবে।
সূত্র: হুররিয়াত রেডিও







