সোমালিয়ায় চীনা জাহাজ অপহরণ: দস্যুদের ১ কোটি ডলার মুক্তিপণ দাবি

সোমালিয়ায় চীনা জাহাজ অপহরণ: দস্যুদের ১ কোটি ডলার মুক্তিপণ দাবি
সোমালিয়ায় চীনা জাহাজ অপহরণ: দস্যুদের ১ কোটি ডলার মুক্তিপণ দাবি। ছবি: সংগৃহীত

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে চীনের মালিকানাধীন একটি মাছধরা জাহাজ অপহরণ করে জলদস্যুরা ১ কোটি মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে। যে জাহাজে ১৮ জন ক্রু সদস্যও রয়েছে। গত মাসের শেষ দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সোমালিয়ার এক সরকারি কর্মকর্তা।

জাহাজটি গত নভেম্বরের শেষ দিকে অপহৃত হয় এবং বর্তমানে এটি সোমালিয়ার পুন্তল্যান্ড রাজ্যের স্বাধীন শাসিত এলাকা খাফুনে আটকে রাখা হয়েছে। একই সঙ্গে ক্রু সদস্যদেরও জিম্মি করে রাখা হয়েছে। জানা গেছে, জাহাজে থাকা নিরাপত্তাকর্মীরাও পরে জলদস্যুদের সঙ্গে যোগ দেয়।

সোমালিয়া সরকারের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০২০ সালে চীনা জাহাজটি পুন্তল্যান্ড থেকে মাছ ধরার লাইসেন্স পায়, তবে লাইসেন্সের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের সাগরবিষয়ক নিরাপত্তা বাহিনী ‘ইউনাফোর আটালান্টা’ এই ঘটনাকে সমুদ্র ডাকাতি বলে আখ্যা দিয়েছে। এটি সোমালিয়ার জলসীমায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির দিকটি নতুন করে তুলে ধরেছে।

উল্লেখ্য, সোমালিয়ায় জলদস্যুতার ঘটনা নতুন নয়। ২০১১ সালে এটি চরমে পৌঁছায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই বছর সোমালিয়ার উপকূলে ১৬০টিরও বেশি জলদস্যু হামলার ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সমুদ্রসীমায় উপস্থিতির কারণে এসব হামলার সংখ্যা অনেকটাই কমে এসেছে।

অপহৃত জাহাজ এবং ক্রু সদস্যদের মুক্তির বিষয়ে এখনও কোনো সমঝোতার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, জলদস্যু কার্যক্রমের পুনরুত্থান আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

আমাদের ফলো করুন