আজ শনিবার দখলদার ইসরায়েলের তেলআবিব শহরের কেন্দ্রস্থলে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। দখলদার সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধে ব্যর্থ হয়েছে। হামলার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দখলদার সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ফলে মধ্য ইসরায়েলে সতর্কবার্তা জারি করা হয়। তবে আমাদের প্রতিরোধ প্রচেষ্টা ব্যর্থ করে ক্ষেপণাস্ত্রটি তেলআবিবে আঘাত হানে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। বেশির ভাগ আহত ব্যক্তি ভাঙা কাঁচের টুকরোর কারণে আহত হন। এছাড়াও আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আরও কয়েকজন আহত হন।
ইসরায়েলের জরুরি স্বাস্থ্য সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, এই হামলায় ভাঙা কাঁচের টুকরোর আঘাতে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনকে ওল্ফসন ও ইচিলভ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ১৪ জন আহত হন এবং ৭ জন মানসিক আঘাতে ভুগছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার ইয়েমেনের আনসারুল্লাহ হুথি গোষ্ঠী জানায়, তারা ইসরায়েলের দক্ষিণ ও মধ্য অঞ্চলে দুটি সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি অভিযানে একটি ইরাকি গোষ্ঠীও অংশগ্রহণ করে।
এর আগের দিন বৃহস্পতিবার হুথি গোষ্ঠী জানায়, তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে তিনটি সামরিক অভিযান চালিয়েছে। এদিকে একই সময়ে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানআ ও হোদেইদায় একাধিক বিমান হামলা চালায়।
ইসরায়েলি বিমান হামলায় সানার দক্ষিণ ও উত্তরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সাবেক ইয়েমেনি সেনাবাহিনীর একটি ক্যাম্পে আঘাত করা হয়। এছাড়া হোদেইদা বন্দরের তেল স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় ৮ জন নিহত ও ১২ জন আহত হন।
সূত্র: আরটি অ্যারাবিক







