ইসরায়েলি পত্রিকা মাআরিভ-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ২০০টিরও বেশি রকেট এবং ১৭০টির বেশি বিস্ফোরক ড্রোন ছুঁড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিমান ও নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বেশিরভাগ রকেট ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে গতকাল শনিবার হুতিদের ছোঁড়া একটি রকেট তেলআবিবে আঘাত হানে, যা প্রতিরোধ করতে ব্যর্থ হয় ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় বহু লোক আহত হয়েছেন বলে জানা গেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, হামলায় কমপক্ষে ১৪ জন সামান্য(!) আহত হয়েছেন। তাদের বেশির ভাগই ভাঙা কাঁচের টুকরার আঘাতে আহত হন। এছাড়া আরও কয়েকজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আঘাত পান।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম-এর তথ্য অনুসারে, রকেট হামলায় ১৬ জন কাঁচের আঘাতে আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে ওল্ফসন ও ইখিলভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও ১৪ জন আহত হন আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় এবং ৭ জন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
গত শুক্রবার হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ জানায়, তারা ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনায় দুটি ড্রোন হামলা চালিয়েছে। এর একটি যৌথভাবে পরিচালিত হয় যার একটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠী থাকে।
এর আগে, বৃহস্পতিবার হুতিরা ইসরায়েলের বিভিন্ন স্থানে তিনটি সামরিক অভিযান চালানোর দাবি জানায়। তারা জানায়, এই হামলাগুলো ছিল ইয়েমেনের সানা ও হুদাইদায় ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ।
সূত্র: আরটি অ্যারাবিক







